৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২১শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭

আদালতের আদেশ সত্বেও প্রকাশ্যে ঘুরছে আসামী

শেয়ার করুন:

পাবনা সংবাদদাতা :আদালতের আদেশ সত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়ানো আসামীকে পুলিশ গ্রেফতার করছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে, মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়ায় বাদীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাবনার আতাইকুলা থানা এলাকায় এঘটনা ঘটেছে।

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আতাইকুলা থানার চরপাড়া গ্রামের আব্দুল খালেক মিয়া বাদী হয়ে পাবনার আমলি আদালত-৫ এ একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-জিআর-৮৭/২০২০, তাং-২৭/০৮/২০২০ইং। উক্ত মামলায় মাধপুর গ্রামের আরশেদ আলী ভান্ডারী, সাজাই কসাই, আজিজ ঘোষ, আশরাফুল, লিটন ও আব্দুল কুদ্দুসকে আসামী করা হয়। উক্ত মামলার ৫জন আসামী জামিনে আছেন। মামলার তদন্ত কর্মকর্তা আতাইকুলা থানার এসআই সুভাষ চন্দ্র বিশ্বাস ১নং আসামী আরশেদ আলী ভান্ডারীকে দায়মুক্তি দিয়ে জামিন প্রাপ্ত ৫ আসামীকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। উক্ত অভিযোগ পত্রের বিরুদ্ধে বাদী আব্দুল খালেক নারাজির আবেদন করলে বিজ্ঞ আদালত গত ২৮/৯/২০২১ইং তারিখে আবেদন গ্রহণ করে ১নং আসামী আরশেদ আলী ভান্ডারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। বিজ্ঞ আদালতের উক্ত আদেশ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) দপ্তরের স্বারক নং-১০৮৬, তাং ৩/১০/২০২১ইং মারফত আতাইকুলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়। কিন্ত আসামি আরশেদ ভান্ডারী এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছেনা বলে বাদী অভিযোগ করেছে। এদিকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি দেওয়ায় বাদী পরিবার পরিচজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ন্যায় বিচারের স্বার্থে অবিলম্বে আসামীকে গ্রেফতারে বাদী পুলিশ সুপারের সুদৃষ্টি প্রত্যাশা করেছেন।
এব্যাপারে আতাইকুলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, আরশেদ ভান্ডারীর নামে কোন গ্রেপ্তারি পরোয়ানার বিষয় তার জানা নাই। পরোয়ানা ভুক্ত আসামি যত প্রভাবশালীই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।