সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুলের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর মো. মজনুর রহমান মঙ্গলবার সকালে তার বাবা হাজী মো. আতাউর রহমানের চাকরিস্থলে মহেলা ডাকঘরে যান। সেখানে ঢুকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি।
একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। ওই মোবাইল ফোন নিয়ে মনজুর মোটরসাইকেলে উঠতে চাইলে তার পিতা হাজী আতাউর রহমান বাধা দেন। তখনই পিতাকে লাথি মারেন শিক্ষক নামধারী মজনুর রহমান। এছাড়াও প্রকাশ্যে পিতার সঙ্গে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি করেন। এমন পরিস্থিতি দেখে আশপাশের লোকজন এসে শিক্ষক মজনুরকে মারধর করে।
ঘটনার পর হাজী মো. আতাউর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি চাটমোহর থানায় যান এবং মামলা করেন। এ ভিত্তিতে রাতেই মজনুরকে আটক করে পুলিশ।
চাটমোহর থানার (ওসি) আনোয়ার হোসেন জানান, ছেলের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।







