৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সুজানগরে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা

শেয়ার করুন:

সুজানগর(পাবনা) প্রতিনিধি ঃ “নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের  বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী জাগরণের পথিকৃৎ  বেগম  রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে  বৃহস্পতিবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১। এ  উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায়  বিভিন্ন  ক্ষেত্রে  সাফল্য অর্জন করা সুজানগরের নারীদের পাঁচটি  ক্যাটাগরিতে জয়িতা হিসেবে সংবর্ধনা  দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল  ও সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, আ.লীগ নেতা সাইদুর রহমান,সাইফুল ইসলাম, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, তৃণমূল থেকে সমাজের নারীদের তুলে আনছে  সরকার। কারণ,তাঁরা সমাজের নারীদের অনুপ্রেরণা ও আদর্শ। তাদের পথ  ধরে অন্যরা এগিয়ে যাবেন। তিনি আরো বলেন  নারীরা আজ  কোথায় নেই? সব ক্ষেত্রেই তাঁরা সাফল্য দেখাচ্ছেন। নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক  উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  যখন  প্রথমবার সরকার প্রধান হয়েছিলেন, তখনই তিনি সেটি উপলব্ধি করেছিলেন। নারীর বর্তমান যে অগ্রযাত্রা, কোন অপশক্তিই সেটি রুখতে পারবেনা। সমাজের যারা স্বীকৃতি পাননি,তাঁরাও জয়িতা। সমাজের সব নারীই যে যার অবস্থান থেকে অবদান রেখে যাচ্ছেন। নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পুরুষদেরও সমান ভূমিকা রাখতে হবে। নারী-পুরুষের  মধ্যে বিভেদ নয়,সমতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে বলেও জানান তিনি। শেষে এ বছর সুজানগর উপজেলায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসেবে পৌরসভার চরসুজানগর  গ্রামের ফাতেমা খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে পৌরসভার  মানিকদীর  গ্রামের রোজি আফরোজ, সফল জননী নারী হিসেবে পৌরসভার চর সুজানগর গ্রামের মোছাঃ আলেয়া খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করা নারী হিসেবে সাতবাড়ীয়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের শিল্পী খাতুন  ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পৌরসভার মানকিদীর গ্রামের  মোছাঃ লিপি খাতুন সহ ৫ জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।  এর আগে অনুষ্ঠানে  জয়িতারা  তাঁদের সংগ্রাম ও  সাফল্যের গল্প শোনান।